ফেসবুক গ্রুপে বড় এক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে মেটা। এখন থেকে কোনো গ্রুপের অ্যাডমিন চাইলে তাদের প্রাইভেট গ্রুপকে পাবলিক করতে পারবেন সদস্যদের প্রাইভেসি অক্ষুণœ রেখেই। কোম্পানিটি বলছে, গ্রুপ পাবলিক করার পরও আগের সব কনটেন্ট যেমন পোস্ট, কমেন্ট ও রিঅ্যাকশন প্রাইভেটই থাকবে এবং সদস্য তালিকা কেবল অ্যাডমিন ও মডারেটররা দেখতে পারবেন।
অনেক সময় ফেসবুক গ্রুপ ছোট পরিসরে শুরু হয়, কিন্তু পরে অ্যাডমিনরা বুঝতে পারেন আরও বড় পরিসরে পৌঁছাতে গ্রুপটিকে পাবলিক করা দরকার। আগে এটি করতে হলে নতুন করে পাবলিক গ্রুপ খুলতে হতো কিন্তু এখন সরাসরি সেটিংস থেকে পুরনো গ্রুপকেই পাবলিক করা যাবে। মেটা বলছে, ফেসবুকের সেটিংস পেজ থেকে এই পরিবর্তন করা যাবে। কোনো অ্যাডমিন প্রাইভেট গ্রুপকে পাবলিক করার সিদ্ধান্ত নিলে অন্য সব অ্যাডমিনকে সঙ্গে সঙ্গে জানানো হবে। যদি সবাই একমত না হন, তবে তিন দিনের মধ্যে চাইলে এই সিদ্ধান্ত পর্যালোচনা করে বাতিল করতে পারবেন।
গ্রুপ পাবলিক করার পর আগের সব পোস্ট, কমেন্ট ও রিঅ্যাকশন কেবল গ্রুপের পুরনো সদস্য, অ্যাডমিন ও মডারেটররাই দেখতে পাবেন। নতুন কেউ যোগ দিলে তারা আগের কনটেন্ট দেখতে পারবেন না। একইভাবে সদস্য তালিকাও শুধু অ্যাডমিন ও মডারেটররা দেখতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।
গ্রুপের সদস্যদের পরিবর্তন সম্পর্কে জানানো হবে এবং পাবলিক হওয়ার পর তারা প্রথমবার কোনো পোস্ট বা কমেন্ট করলে আবারও রিমাইন্ডার পাবেন যে এখন গ্রুপটি সবার জন্য উন্মুক্ত। গ্রুপটি একবার পাবলিক হয়ে গেলে নতুন পোস্ট, কমেন্ট ও রিঅ্যাকশন সবাই দেখতে পারবে, এমনকি যারা ফেসবুকে লগইন করেননি তারাও। এতে ফেসবুকের কনটেন্ট গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনে সহজে পাওয়া যাবে। তবে যদি অ্যাডমিনরা গ্রুপটিকে আবার প্রাইভেট করা দরকার মনে করেন তাহলে তারা চাইলে আগের মতো সেটি ফিরিয়ে নিতে পারবেন।
