নারায়ণগঞ্জ

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক নিহত তিনজন দগ্ধ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫০ এএম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর এলাকায় নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটি উড়াল সড়কের (ফ্লাইওভার) কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন তিনজন। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইয়াসিন আরাফাত ওরফে বাবু (২৮)। তিনি ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জের আবু কালামের ছেলে।

এ ঘটনায় দগ্ধ বাকি তিনজনকে রাতেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তারা হলেন রবিউল (২২), জমির আলী (২৩) ও ইমরান (২২)। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে নির্মাণাধীন ওই ফ্লাইওভারে চারজন রড টেনে ওপরে তুলছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন চারজন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিনের।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়নি।’

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠাই। সেখানে ঘটনাস্থলে একজনকে মৃত পাওয়া যায়। বাকি তিনজনকে ঢাকায় পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত