রাজধানীর টিটিপাড়ায় বহুল প্রতীক্ষিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাসটি শনিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
উদ্বোধনের পর থেকেই এতে যানবাহন চলাচল শুরু হয়, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়েছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ আন্ডারপাসটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।
নতুন এই আন্ডারপাসের নিচে ছয় লেনের রাস্তার মধ্যে চার লেন থাকবে যান্ত্রিক যানবাহনের জন্য। পাঁচ মিটার উচ্চতার গাড়িগুলো সহজে চলাচল করতে পারবে। পাশাপাশি রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন এবং পথচারীদের জন্য ফুটপাতও রাখা হয়েছে। ফলে এখন থেকে রেললাইন ও সড়কপথে যান চলাচল হবে বাধাহীনভাবে।
এলাকাবাসী জানায়, এত দিন রেলক্রসিংয়ে ট্রেন আসা-যাওয়ার কারণে যানজট লেগে থাকত। কখনও আধা কিলোমিটার পথ অতিক্রম করতে লেগে যেত এক ঘণ্টা পর্যন্ত। অনেকেই খিলগাঁও বা গোলাপবাগ হয়ে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে বাধ্য হতেন।
এখন আন্ডারপাসটি চালু হওয়ায় মতিঝিল, মুগদা, মান্ডা, মানিক নগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়ক দিয়ে যান চলাচল সহজ হবে। ট্রেনের সিগন্যালে আর সময় নষ্ট করতে হবে না।
হাসিনা-আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে