মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাইবান্ধার একদল শিক্ষার্থী। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে তারা এগিয়ে এসেছে অসহায় ও দরিদ্র মানুষের পাশে। নিজের সামান্য খরচ থেকে সঞ্চয় করে অন্যের মুখে হাসি ফোটানো এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাইবান্ধার সদর উপজেলার বন্ধন রেসিডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
শনিবার দিন ব্যাপী শিক্ষার্থীরা প্রত্যন্ত গ্রামের দুই হাজার অসহায় দরিদ্রদের মাঝে এসব পণ্য দেন। তারা চাল, ডাল, মাছ, মুরগীর মাংস, পেঁয়াজ, রসুন, চিনিসহ ১৫টি পণ্য দেন। প্রত্যেক পণ্যের চলমান বাজার মূল্যের অর্ধেক মূল্যে এসব খাদ্যসামগ্রী দেন।
শিক্ষার্থীরা বলেন, প্রতিদিন বিদ্যালয়ের টিফিনের জন্য নির্ধারিত টাকা থেকে সামান্য অংশ বাঁচিয়ে শিক্ষার্থীরা একটি তহবিল গড়ে তুলেছে। মাস শেষে সেই টাকায় তারা খাবার, কাঁচা বাজার ও প্রয়োজনীয় সামগ্রী কিনেন। এরপর এগুলো বিতরণ করা হয় এলাকার দরিদ্র পরিবার, পথশিশু ও অসহায় মানুষদের মধ্যে।
শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগে শিক্ষক ও অভিভাবকরাও প্রশংসা করছেন। বিদ্যালয়ের আনোয়ার হোসেন শামীম নামের এক শিক্ষক বলেন, 'আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে উঠছে, এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়।’
শিক্ষার্থীদের এই ছোট্ট প্রয়াস এখন অনেকের অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছে। মানবতার এই উদ্যোগ প্রমাণ করছে। ইচ্ছা থাকলে সামান্য ত্যাগ দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব।
