জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশ আজও কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তি অর্জনে পুরোপুরি পৌঁছায়নি। যুবসমাজ বেকারত্ব, সন্ত্রাস, মাদক, অর্থপাচার ও অশ্লীলতার মতো সমস্যার কারণে হতাশা ও অনিশ্চয়তায় ভুগছে।
আজ শনিবার সকালে খানজাহান আলী থানার পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি আয়োজিত নাইট ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই সমস্যাগুলো সমাধানে ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা জরুরি। তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে ও সমাজে স্থায়ী পরিবর্তন আনার জন্য যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি ইসলামের নীতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটাই, তবে একটি সুন্দর ও কল্যাণময় ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করে থাকে যুবসমাজ। অথচ আমাদের দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মেধার বিকাশে রাষ্ট্রের কোনও অবদান নেই। যুবকদের মেধা ধ্বংসের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়ে আছে। বহু কষ্টে কিছু যুবক তাদের নিজ মেধাকে বিকশিত করার জন্য সংগ্রাম করছেন। পরবর্তী পর্যায়ে তাদের মেধা বিকাশের ক্ষেত্রগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। দলীয় অন্ধ আনুগত্য না থাকলে ব্যক্তির মেধা ও যোগ্যতা যত বেশিই হোক না কেন তাকে রাষ্ট্রীয় কোনও ভালো স্থানে দায়িত্ব দেওয়া হয় না।
তিনি আরও বলেন, আদর্শ যুবসমাজ প্রতিষ্ঠায় জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসলাম প্রতিষ্ঠা ও বাংলাদেশের যেকোনও সমস্যায় যুবকেরা যুগে যুগে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশে কোনও সমস্যা সমাধান বা উন্নয়নে যুবক সমাজের সহায়তা ছাড়া সম্ভব নয়। কিন্তু টেকসই উন্নয়ন না হওয়ার কারণ সৎ যোগ্য নেতৃত্বের অভাব। ইসলামী বাংলাদেশ বিনির্মাণে আদর্শ ও যোগ্যতা সম্পন্ন যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।
ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা ছাত্রশিবির সভাপতি আল ইমরান শেখ, মাওলানা সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন প্রমুখ। ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে ২-১ গোলে ড্রিম আইটি গ্যালাক্সি অফ শিরোমণিকে পরাজিত করে।
