পর্দায় ফিরছেন আনুশকা শর্মা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৭ এএম

প্রায় সাত বছর ধরে বড় পর্দা থেকে দূরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা, শেষবার তাকে দেখা গিয়েছিল ২০১৮ সালের ‘জিরো’ ছবিতে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে। এরপর তিনি ভারতীয় ক্রিকেট তারকা ঝুলন গোস্বামীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘চাকদা এক্সপ্রেস’ ছবির শুটিং করেন। যদিও ছবিটির শুটিং ২০২২ সালেই শেষ হয়ে যায়, তা সত্ত্বেও এখনো পর্যন্ত এর মুক্তি স্থগিত রয়েছে। একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর ‘চাকদা এক্সপ্রেস’-এর নির্মাতারা ছবিটি মুক্তির জন্য নতুন করে উদ্যোগী হয়েছেন। প্রতিবেদনের সূত্র অনুযায়ী, প্রযোজকরা নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন, যাতে তারা এই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সিনেমাটির মুক্তির পথ সুগম করেন। সূত্রের দাবি, ‘আমরা ব্যক্তিগতভাবে নেটফ্লিক্স ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের অনুরোধ করেছি, যেন তারা ছবিটি মুক্তি দিতে সাহায্য করেন। ঝুলন দির মতো কিংবদন্তির ওপর তৈরি এই বায়োপিক দর্শকদের কাছে পৌঁছনো উচিত।’

জানা গেছে, ছবিটি দীর্ঘদিন ধরে আটকে আছে কারণ নেটফ্লিক্স কর্র্তৃপক্ষ ছবির চূড়ান্ত ফলাফল নিয়ে সন্তুষ্ট ছিলেন না। এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ‘প্রযোজনা খরচ নির্ধারিত বাজেটের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল। তার ওপর নেটফ্লিক্সের শীর্ষ কর্মকর্তারা ছবির গতি-ধারায় সন্তুষ্ট হননি। তবে ছবিটি এখনো শক্তিশালী এবং আবেগপূর্ণ।’

বর্তমানে ‘চাকদা এক্সপ্রেস’-এর একচেটিয়া অধিকার নেটফ্লিক্সের কাছেই রয়েছে। সাম্প্রতিক ক্রিকেট জয়ের পর ছবিটি নিয়ে আবার নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। প্রতিবেদনের আরও দাবি, ‘স্ট্রিমিং প্ল্যাটফর্মের অভ্যন্তরে বৈঠক শুরু হয়েছে এবং আশা করা হচ্ছে চলতি মাসের মধ্যেই ছবিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে হয় অতিরিক্ত সম্পাদনার পর মুক্তি, নয়তো পুনর্বিবেচনা।’

ব্যক্তিগত জীবনে আনুশকা শর্মা এবং তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি, বর্তমানে লন্ডনে বসবাস করছেন। ২০২৪ সালে তারা ভারত থেকে চলে যান, তবে পেশাগত কারণে মাঝেমাঝে দেশে ফিরে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত