রাতে ডিউটির পর সকালে পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১২:১২ এএম

রাতভর ডিউটির পর সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আশরাফ (৪৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশরাফ কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ইমরাইল গ্রামে।

দেবপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম প্রধান বলেন, কনস্টেবল আশরাফ সারারাত ডিউটিতে ছিলেন। সকালে অসুস্থতা অনুভব করলে চিকিৎসার জন্য দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মরদেহ কুমিল্লা পুলিশ লাইনে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা জানিয়ে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওসি বলেন, তিনি দায়িত্বশীল ও পরিশ্রমী সদস্য ছিলেন। আকস্মিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত