আরও ১৬ পর্যবেক্ষক সংস্থার জন্য ইসির গণবিজ্ঞপ্তি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনা তথ্যপ্রযুক্তির প্রয়োগ-সংক্রান্ত কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে আজ রবিবার। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। এনআইডির পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সভায় জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে আলোচনা হবে। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন দাখিল ও নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ-সংক্রান্ত আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) সংশোধনের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া ভোটার নিবন্ধন ও এনআইডি প্রণয়ন, দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া এবং বিবিধ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও আলোচনা হবে।

এদিকে, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন যথাযথভাবে যাচাই করে ১৬টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও বিরুদ্ধে কোনো দাবি, আপত্তি ও অভিযোগ থাকলে তা দাখিলের আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক জানান, বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে অর্থাৎ আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানাতে হবে। কারও বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ছয় সেট আপত্তি দাখিল করতে হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত দেবে ইসি। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। গণবিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

পর্যবেক্ষক সংস্থা হিসেবে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ১৬টি বেসরকারি সংস্থা হচ্ছে, এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর-ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনমিক সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), রাসটিক (রুরাল আনফরচুনেটস সেফটি তালিসম্যান ইল্যুমিনেশন কটেজ, বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মাউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেনা অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমি, এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এবং উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার স্থানীয় ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন একই সঙ্গে আরও ১৬টি পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি/আপত্তি/অভিযোগ চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়।

ইসি সচিব আখতার আহমেদ পরে জানান, প্রাথমিক বাছাইয়ের পর আপত্তি ওঠায় সাতটি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়নি। ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হলো। আবেদন করায় আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, ২১ নির্বাচন কর্মকর্তা ও দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন উপজেলায় বদলি করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় ইসি। এজন্য মাঠ দপ্তরগুলোতে বদলি শুরু করেছে সংস্থাটি। এর আগেও শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত