ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০  আসনের ভোটার হচ্ছেন। 

আজ রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে তিনি এ সংক্রান্ত আবেদন করবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে এক টকশোতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন আসিফ মাহমুদ। ওই সাক্ষাৎকারে ঢাকা থেকে ভোট দেওয়ার কথা বলেন তিনি। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে এই আসন থেকে তার নির্বাচনের সম্ভাবনা জোরালো হবে।

উল্লেখ্য, ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে এই আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন, এমন আলোচনাও শোনা গিয়েছিল। কিন্তু সম্প্রতি গুঞ্জন তৈরি হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত