ময়মনসিংহের ত্রিশালে ধর্ষণ মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব)। রবিবার (০৯ নভেম্বর) দুপুরে র্যাব-১৪র ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন ধর্ষণ মামলার আসামি আলাল উদ্দিন (৩৮) ও মো. হায়দার আলী (৩১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিশালে প্রায় ১০ বছর ধরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বসবাসরত স্বামী পরিত্যক্তা এক নারী স্থানীয় একটি ক্লিনিকে আয়ার কাজ করতেন। একই এলাকার আলাল উদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের আশ্বাসে আলাল উদ্দিন ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী নারী গত ১৪ অক্টোবর ত্রিশাল থানায় ধর্ষণ মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ৮ নভেম্বর দুপুরে ত্রিশালের ধানীখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আলাল উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব।
ওইদিন রাত সাড়ে ১০টার দিকে র্যাব সদস্যরা ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি মো. হায়দার আলীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
