আমদানির অনুমতি দিচ্ছে এমন খবরে সরবরাহ বাড়ায় একদিনের ব্যবধানে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে আরেকদফা পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। পেঁয়াজ আমদানি শুরু হলে দাম আরো কমবে বলে দাবি বিক্রেতাদের। এদিকে পেঁয়াজের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন দাম যেন আগেরমত অবস্থায় আসে সেই দাবি তাদের।
রবিবার (৯ নভেম্বর) হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে পেঁয়াজের সরবরাহ আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে সেই সঙ্গে পেঁয়াজের দাম কমতির দিকে রয়েছে। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ১শ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে প্রকারভেদে ৮০ টাকা থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কিছু বড় আকারের পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা সিরাজুল ইসলাম বলেন, গত সপ্তাহে পেঁয়াজ কিনেছিলাম ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে। কিন্তু দুদিন আগে সেই পেঁয়াজ কিনতে হয়েছিল ১শ টাকা থেকে ১শ ১০ টাকা কেজি দরে। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় আমাদের মত নিন্ম আয়ের মানুষদের বেশ বিপাকের মধ্যে পড়তে হচ্ছিল। দেখা যাচ্ছিল পেঁয়াজ কিনতেই অতিরিক্ত টাকা লাগাই অন্য পণ্য কিনতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। বাধ্য হয়ে যতটুকু পেঁয়াজের চাহিদা তার চেয়ে কম পরিমাণে পেঁয়াজ কিনতে হচ্ছিল আমাদের। কিন্তু আজ পেঁয়াজ কিনতে এসে দাম শুনে কিছুটা ভালো লাগছে দাম ৮০ টাকা থেকে ৮৫ টাকায় নেমে এসেছে। তবে এখনো যে দাম সেটি আমাদের মত মানুষদের ক্রয় ক্ষমতার বাহিরে পেঁয়াজের দাম যেন ৫০ টাকায় নেমে আসে সেই দাবি করছি। অন্ততপক্ষে গতসপ্তাহে যে দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা সে দাম থাকলেও কিছুটা স্বস্তি মিলতো।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, হঠাৎ করেই দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। গতসপ্তাহে যে পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি করেছিলাম সেই পেঁয়াজ মোকামে দাম বাড়ার কারণে ১শ থেকে ১১০ টাকায় উঠে গিয়েছিল। সম্প্রতি দাম নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিতে যাচ্ছেন। ফলে খুব শীঘ্রই পেঁয়াজ আমদানি শুরু হবে এমন খবরে মোকামে পেঁয়াজের দাম কমে এসেছে। মোকামে যে পেঁয়াজ ৪ হাজার থেকে ৪ হাজার ২শ টাকা মন ছিল সেই পেঁয়াজ এখন দাম কমে ৩ হাজার ২শ টাকায় নেমে এসেছে। দুদিন ধরে দাম কমছে যার কারণে গতকালকে যে দাম ছিল তার তুলনায় আজ মনপ্রতি পেঁয়াজের দাম আরো ৫শ টাকা করে কমেছে। আমরাও কম দামে কিনতে পারায় কমদামে বিক্রি করতে পারছি। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হচ্ছে এমন খবর ও প্রশাসনের অভিযান শুরুর ফলে কৃষকরা তাদের কাছে থাকা পেঁয়াজ কম দামে ছেড়ে দিচ্ছেন। সেই সঙ্গে যেসব অসাধু মজুতদার পেঁয়াজ মজুদ করে রেখেছিলেন তারাও মজুদকৃত পেঁয়াজ ছেড়ে দিচ্ছেন এতে করে মোকামে আগের চেয়ে পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে দেশে পেঁয়াজের দাম আরো কমে আসবে।
ভেঙেই যাচ্ছে ঐশ্বরিয়ার ঘর
সিংগাইরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন