আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ ও ফেনী-৩ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই নেতা। মনোনয়ন ফরমের ন্যূনতম মূল্য ১০ হাজার টাকা, জুলাইযোদ্ধা ও হতাহতদের জন্য দুই হাজার টাকা। এতে ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব জোবায়ের ও ফেনী-৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আরেক সদস্য জাহিদুল ইসলাম সৈকত। জোবায়ের দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র নেন।
মনোনয়ন নেওয়ার পর এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম চলবে। আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল আমাকে মনোনয়ন দেবেন।’
জানা যায়, জোবায়ের এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিন। তিনি ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাস করেন।
এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন তিনি।
ফেনী-৩ থেকে মনোনয়ন ফরম নেওয়ার পর জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি তরুণদের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে। দাগনভূঞা ও সোনাগাজী এ দুইটি উপজেলার জনগণ এর আগে জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে পেয়েছেন, তারা কখনোই জনগণের পাশে ছিলেন না। নিজেদের বিলাসবহুল বাড়ি-গাড়ি করে অধিকাংশ সময় ফেনীর বাইরে অবস্থান করেছেন। আমি তরুণদের প্রতিনিধিত্ব করি, তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এ আসনের উন্নয়ন ও তরুণ সমাজকে রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।’
এর আগে, গত মঙ্গলবার (৪ নভেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী ঘোষণা করবে না বলে গণমাধ্যমকে জানিয়েছিল দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটওয়ারী।
এ ব্যাপারে জানতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি।
