মুন্সীগঞ্জের সিরাজদীখানে পরকীয়া সম্পর্কের প্রেমিকাকে বাড়িতে রাখতে না দেওয়ায় নিজ বসতঘরে আগুন দিয়েছে বিবাহিত যুবক ওমর ফারুক খবির (৩৮)।
রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। এতে ঘরসহ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ফার্নিচার পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ওই যুবকের পরিবার।
ওমর ফারুকের সাবেক স্ত্রী সোনিয়া বেগম অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে আমার স্বামী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ওই মেয়েকে বিয়ে না করেই আমাদের বাড়িতে রাখার চেষ্টা করে। এ নিয়ে ঝগড়া-বিবাদ হলে স্থানীয়ভাবে সালিশে বিষয়টি মীমাংসা করা হয়। পরে সে আমাকে না জানিয়ে অন্য এলাকায় গিয়ে মেয়েটিকে বিয়ে করে এবং কিছুদিন পর আমাকে ডিভোর্স লেটার পাঠায়।
সোনিয়া বেগম বলেন, আমাকে ও সন্তানদের সুখে থাকতে দেবে না বলে হুমকি দিত সে। এমনকি আগুনে পুড়িয়ে মারবে বলেছিল। ঘটনার রাতে সৌভাগ্যক্রমে আমি বোনের বাড়িতে ছিলাম। তাই প্রাণে বেঁচে গেছি।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
সিরাজদীখান ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি, পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই বাড়িতে থাকতে না পারার ক্ষোভেই ঘরে আগুন লাগানো হয়েছে।
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১