২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতার ছেলেকে গ্রেপ্তারের দাবি

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বড় ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন কালিয়াকৈর বিএনপির নেতাকর্মীরা।

চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে সোমবার (১০ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মিনার উদ্দিন। 

অভিযোগে বলা হয়, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বেশ কিছুদিন যাবৎ জাতীয় ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালিন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য তার নিজস্ব ফেসবুক আইডিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছে। ইতোপূর্বেও তার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন জেলায় মামলা হয়েছে এবং সে সকল মামলায় দীর্ঘদিন জেল খেটেছে।

গত ৭ নভেম্বর তার নিজস্ব ফেসবুক আইডি থেকে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন যেখানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে পুনরায় অশালিন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক, রাষ্ট্রবিরোধী ও মুসলিম জাতিকে কটাক্ষ করে বক্তব্য প্রদান করেন।

গত ৯ নভেম্বর হাইটেক রেলস্টেশন সংলগ্ন রাস্তার উপর তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। যেখানে তিনি পতিত স্বৈরাচারের দোসর অসংখ্য গণহত্যার এজাহারভুক্ত আসামি সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীরের সঙ্গে তার প্রতিদিন যোগাযোগ আছে বলে বক্তব্য দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এহেন কর্মকাণ্ড করে আসছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, গত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের অবৈধ পাতানো সংসদ নির্বাচনে আওয়ামীলীগ জোটের গাজীপুর-১ সংসদীয় আসনে নির্বাচন করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো অনাকাক্ষিত ঘটনা ঘটার আশংকা আছে।

কালিয়াকৈর থানা থেকে বের হয়ে বেবির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির খান সাংবাদিকদের বলেন, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার গ্রেপ্তার দাবি করছি। অন্যথায় আমরা পথের কর্মসূচিতে বাধ্য হব। এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপর দিকে একই দিন এ কে আজাদ নামে বিএনপির এক নেতাও কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত