বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজই হবে তাঁর শেষ দায়িত্ব। তবে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সালাউদ্দিনের সঙ্গে কাজ করে দলের সবাই সন্তুষ্ট ছিলেন।
শান্ত বলেন, “এটা উনার ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডের সঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে সেটা আমি জানি না। তবে আমার সঙ্গে উনার কথা হয়েছে, আশা করি বোর্ড ও উনার মধ্যে ভালোভাবে বিষয়টা সমাধান হবে।”
সালাউদ্দিন মূলত ব্যাটিং ইউনিটের দায়িত্বে ছিলেন। কোচ হিসেবে তিনি দলের সবার সঙ্গে সমানভাবে কাজ করতেন বলে জানান শান্ত। “যতদিন উনার সঙ্গে কাজ করেছি, খুব উপভোগ করেছি। স্যার সবাইকে সমানভাবে দেখেন, যার যেখানে ঘাটতি থাকে, সেখানে কাজ করেন। এই জায়গায় একটা গ্যাপ তৈরি হবে।”
মাঠের বাইরে সালাউদ্দিনকে ঘিরে যেসব গুঞ্জন শোনা যাচ্ছে, সেগুলোও ভিত্তিহীন বলে মনে করেন টেস্ট অধিনায়ক। “বাইরে থেকে অনেক কিছু মনে হয়, কিন্তু আমরা যা শুনছি তার সব সত্য নয়। সব ক্রিকেটার খুশি ছিলাম, উনি যেভাবে কাজ করেছেন, তা ছিল খুবই ভালো।”
আবার ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়েও এক্সাইটেড শান্ত, "খুবই এক্সাইটেড আমরা সবাই। আশরাফুল ভাইয়ের এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি, আমরা যখন উনি খেলতেন। ড্রেসিংরুমে ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি। প্লেয়াররা সবাই এক্সাইটেড।''
অধিনায়কত্বে ফেরার কারণ জানালেন নাজমুল হোসেন শান্ত