কুমিল্লা-২ আসনে আলোচনায় মাহফুজুল ইসলাম

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে প্রার্থীতা স্থগিত রেখেছে বিএনপি। প্রথম ধাপের প্রার্থী বাছাইয়ে আসনটির একাধিক মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেন বলে দলীয় সূত্রে জানা যায়। তবে দুর্নীতির অভিযোগ ও দলীয় কোন্দলসহ নানান কারণে আসনটি স্থগিত রাখা হয়েছে। যেখানে সম্ভাব্য প্রার্থী মনে করা হয়েছিল কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। কিন্তু তার বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে বলে দলের নির্ভরশীল একটি সূত্র জানিয়েছে।

হোমনা-তিতাস আসনে আলোচনায় আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম। ইতিমধ্যে এ নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দলের পক্ষ থেকে প্রার্থীতা হওয়ার আবেদন জমা দিয়েছেন।

প্রবীণ এ নেতা চার দশকেরও অধিক সময় জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। যার শুরুটা করেন ১৯৭৭ সালে জাগদল প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তীতে হোমনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত। মাঠের লড়াকু এ নেতা দায়িত্বে থাকাকালীন তার আসনের ৫টি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় বিএনপি। ২০১৬ সালে দলটির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।

মো. মাহফুজুল ইসলাম বলেন, আমার এলাকার উন্নয়ন ও দলের জন্য আমি আমার জীবন ব্যয় করেছি। আমি গেরিলা মুক্তিযোদ্ধা। বিএনপির জাতীয়তাবাদী রাজনীতি এ এলাকায় আমি ছড়িয়ে দিয়েছি। এরশাদ আমলে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। দলের বিরুদ্ধে গিয়ে কোনও সময় লোভনীয় প্রস্তাব গ্রহণ করিনি। আমাকে কিনতে পারবেন না, কেউ পারে নাই। কারণ আমি শহীদ জিয়ার রাজনীতি করি। এখন দল নমিনেশন দিলে আমি এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারব। ২০১৮ সালে পাই নাই, আশা করি এইবার পাব। আমি হোমনার ঐক্যের প্রতীক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত