বার্সেলোনা সমর্থকরা যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলের সংস্কার শেষে স্পটিফাই কাম্প ন্যুয়ে ফেরার, ঠিক তখনই তারা পেলেন এক চমক। সাবেক অধিনায়ক ও ক্লাব কিংবদন্তি লিওনেল মেসি হঠাৎ করেই গত সপ্তাহান্তে সংস্কারাধীন কাম্প ন্যু পরিদর্শন করেছেন।
একটি ভিডিওতে দেখা গেছে, কাম্প ন্যুয়ের নবায়নকৃত অংশ ঘুরে দেখছেন মেসি। আগামী মাসে দুই বছর পর এই স্টেডিয়ামেই আবার খেলার পরিকল্পনা করছে বার্সেলোনা।
পরিদর্শনের পর নিজের সামাজিক মাধ্যমে বার্সা ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তাও দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন তারকা।
মেসি লিখেছেন, 'গত রাতে আমি ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায়, যেটিকে আমি প্রাণভরে মিস করি। এমন এক জায়গায়, যেখানে আমি ছিলাম অপরিসীম সুখী, আর তোমরা আমাকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ হিসেবে অনুভব করিয়েছিলে হাজার বার।”
তিনি আরও যোগ করেন, 'আমি আশা করি, একদিন আমি আবার ফিরব—শুধু বিদায় জানাতে নয়, কারণ খেলোয়াড় হিসেবে আমি কখনোই সেই বিদায় জানাতে পারিনি।'
২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পরও ক্লাবটির প্রতি মেসির ভালোবাসা কখনোই গোপন ছিল না। যদিও বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার নেতৃত্বাধীন প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্ক এখনো টানাপোড়েন চলছে। তবুও, বার্সার ঘরের মাঠে ফেরার আগে মেসির এই সফর নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে সমর্থকদের মাঝে।
ক্যাম্প ন্যুয়ে ভক্তদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে পারেননি মেসি। বার্সেলোনা অনেক দিন ধরেই তাঁর জন্য একটি বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছে, যদিও তাতে এখনো তেমন অগ্রগতি হয়নি।
চোট কাটিয়ে ফেরা লেভানডফস্কির হ্যাটট্রিকে বার্সার জয়