খুলনায় রূপসা নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টাও সন্ধান মেলেনি মহিদুল হক মিঠুর। তাকে উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে রূপসা ফেরিঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মহিদুল হক মিঠুর (৪০) রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা ও তিনি খুলনা মহানগরীর সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন অফিসার)।
জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে অফিস শেষে ট্রলারে বাসায় ফিরছিলেন। যাত্রী বোঝাই ট্রলারটি নদীর পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্তের ঘাটে ভেড়ানোর সময় দ্রুতগামী ট্রলার আকষ্মিক মোড় নেয়। এতে ঝাকি সামলাতে না পেরে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। অনেকেই নদী থেকে পাড়ে উঠতে পারলেও মিঠু তলিয়ে যায়। খবর পেয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড ফাঁড়ি পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী রাতভর তল্লাশি অভিযান চালায়। সোমবার সকাল ৭টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দলের সদস্যরা যুক্ত হয়।
এ ব্যাপারে রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নিখোঁজ মিটুর সন্ধানে নদীতে অভিযান চালছে। কিন্তু সোমবার বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে ট্রলার মাঝি পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
