পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড।
এর আগে গত রবিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩ দশমিক ৯৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (২ দশমিক ৮১) টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৭ দশমিক শূন্য ১ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৫ দশমিক ৭৪ টাকা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৫ দশমিক ২৩ টাকা।
গতকালকের লেনদেনে গেইনারের শীর্ষে থাকা কোম্পানিটির ইউনিট দর ১৩ দশমিক ১২ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদারের ৮ দশমিক ৬১ শতাংশ, রানার অটোর ৮ দশমিক ১৫, সোনালী আঁশে ৪ দশমিক ৯৪, মালেক স্পিনিংয়ের ৪ দশমিক ৬৩, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪ দশমিক ১৭, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩ দশমিক ৮৫, ওরিয়ন ইনফিউশনের ৩ দশমিক ৭১, অ্যাপেক্স স্পিনিংয়ের ৩ দশমিক ৬৩ ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৫৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
