দেশের ক্ষতি করে কোনো টার্মিনাল দেওয়া হবে না। ব্যবসায়ীরা যাতে সুযোগ পায় সেটাই আমাদের লক্ষ্য। আমি এখানেই আছি, এখানেই মরব, আমি কোথায় পালাব? বলে মন্তব্য করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। নৌ উপদেষ্টা পতেঙ্গায় চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর কনটেইনার ইয়ার্ড টার্মিনাল উদ্বোধনের পাশাপাশি বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল, তালতলা কনটেইনার ইয়ার্ড (ইস্ট কলোনি সংলগ্ন) উদ্বোধন করেন এবং এক্স-ওয়াই শেড ও কাস্টমস অকশন শেড পরিদর্শন করেন।
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার বিরোধিতাকারীদের উদ্দেশ করে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, কিছু করলেই খালি চলে গেল, চলে গেল, আরে কী চলে গেল ভাই! গত ১৭ বছর কথা বলেননি কেন?
বন্দর এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে নৌ উপদেষ্টা বলেন, যদি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এই বন্দরকে আগায়ে নিয়ে যেতে হবে। বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলবে। কিন্তু উন্নতি করতে হলে প্রযুক্তি, অর্থ ও দক্ষতা প্রয়োজন। বন্দর ঘিরে চার-পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোয় বেশিরভাগ বন্দর বেসরকারি অপারেটররা পরিচালনা করছে, আমরা কেন পিছিয়ে থাকব? তাই আমরাও এগিয়ে যেতে চাই। বন্দরকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো আমাদের ম্যাক্সিমাম ক্ষমতা যা ছিল, তা এখানে দেখা যাচ্ছে। আমরা পোর্টের সক্ষমতা বাড়াতে চাই।
তিনি আরও বলেন, একসময় তো আমরা মোবাইল ফোন দেখিনি। এখন মোবাইল টেলিফোন আছে। আজকাল আবার মোবাইল ফোনের বাইরে গিয়ে দেখছি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)। চীনে আমি একটা পোর্ট দেখে এসেছি, যেখানে পাঁচজন লোক পোর্ট চালাচ্ছে, অনলি ফাইভ। যদি আপনাদের কোনো সন্দেহ থাকে, তাহলে আমি বলব যে উনি (বন্দর চেয়ারম্যান) দুই-তিনজনকে ওখানে পাঠাক, তারা গিয়ে দেখে আসুক।
চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ নিয়ে এক মাসের স্থগিতাদেশ দিয়েছে আদালত। গতকাল ট্যারিফ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মিটিং ছিল, পরে তা বাতিল করা হয়েছে। ট্যারিফ বিষয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যারিফ বাড়ানোর আগে সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি যেহেতু আদালতে গেছে, এটা নিয়ে কথা বলতে চাই না। আদালতে ট্যারিফ বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরা হবে।
