ইসি আনোয়ারুল বললেন

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৭:২৭ এএম

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এক প্রকার জিহাদ ঘোষণা করেছে। আমরা চাই, ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করে একটি ভালো নির্বাচন উপহার দিতে।’

গতকাল সোমবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, অতীতে আমরা অনেকবার কলঙ্কিত হয়েছি। এবার সেই কলঙ্ক মোচন করতে চাই। নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ। এখন নির্বাচন আর ৮০ থেকে ৯০ দিন দূরে। কেউ যদি মনে করেন, নির্বাচন হবে না, তাহলে সেটা ভুল ধারণা। মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে আনোয়ারুল ইসলাম বলেন, জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সাফল্য। তাই নির্ভয়ে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। দেশ আপনার পাশে আছে।

দিনব্যাপী কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায় নিয়ে মতবিনিময় করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত