বিএনপি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে: জামায়াত নেতা মাসুদ

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে, জনগণ নব্য ও পুরাতন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বাউফল পৌরশহরে মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মাসুদ বিএনপির মহাসচিবের আগের ঘোষণার প্রতিবাদ করে বলেন, “যখন বিএনপি ক্ষমতায় গেলে তারা গণহত্যাকারী আওয়ামী লীগের সকল মামলার প্রত্যাহারের ঘোষণা দেয়, তখন স্পষ্ট হয় বিএনপি একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে তারা আওয়ামী ফ্যাসিবাদীদের ওপর ভর করে টিকে থাকতে চায়। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের এই লজ্জাজনক অবস্থার জবাব দেবে।”

তিনি আরও বলেন, “গণহত্যাকারীদের সঙ্গে আপস করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”

ড. মাসুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, “বাংলাদেশের রাজনীতি কখনোই বাইরের কারও নির্দেশে চলতে পারে না। কেউ বলছেন, ৫ আগস্টের পর তারা রাষ্ট্রক্ষমতা নিতে পারতেন— অথচ এখনো দেশে আসাকে নিরাপদ মনে করেন না। উল্টো নিজের দলের কাছে বুলেটপ্রুফ গাড়ির নিরাপত্তা চান। যিনি নিজের নিরাপত্তা দিতে পারেন না, তিনি জনগণকে কীভাবে নিরাপত্তা দেবেন?”

জামায়াতের এই নেতা বলেন, “১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে হলে একমাত্র জামায়াতে ইসলামীই গুলির মুখে দাঁড়াবে। আমাদের নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু দেশি-বিদেশি আধিপত্যবাদের কাছে কখনো নতি স্বীকার করেননি। ভবিষ্যতেও ভয়, ভীতি, রক্তচক্ষু কিংবা কেন্দ্র দখলের হুমকিতে আমরা পিছু হটব না।”

ড. মাসুদ আরও বলেন, “আমরা আবু সাঈদ, মুগ্ধ, নিজামী ও মুজাহিদের উত্তরসূরি হিসেবে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোটারদের সম্মান রক্ষা করব। আমাদের মা-বোনদের ইজ্জত রক্ষা, চাঁদাবাজমুক্ত বাউফল গঠন, বেকার তরুণদের কর্মসংস্থান, বগা সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে জনগণ এবার ভোটে দাঁড়াবে।”

এ সময় বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব্দুদ দাইয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল্লাহ মাস্টার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসেনসহ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত