নোয়াখালীতে যুবশক্তির ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জনের পদত্যাগ

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম

নোয়াখালী জেলা জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির নবগঠিত কমিটি ঘোষণার পরপরই একে একে পদত্যাগের ঝড় বয়ে গেছে। ঘোষিত ৪১ সদস্যের কমিটির মধ্যে ইতোমধ্যেই ২৩ জন নেতা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

জানা যায়, ১১ নভেম্বর রাতে ৪১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পদত্যাগের ঘোষণা দেন। তার পদত্যাগের পরপরই সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ নেতা একযোগে পদত্যাগ করেন। পদত্যাগের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন দলের সদস্যরা।

‎কমিটি ঘোষণার পর প্রথমেই পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। তার পরপরই যুগ্ম সদস্য সচিব–১ ব্যতীত অন্য সব যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিবসহ একাধিক পদধারী নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন। এতে সংগঠনের মধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়।

পদত্যাগকারী কয়েকজন নেতা অভিযোগ করেন, কমিটি গঠনের ক্ষেত্রে বৈষম্য ও ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে। তারা জানিয়েছেন, তৃণমূলের কর্মীদের মতামত উপেক্ষা করে অসাংগঠনিকভাবে কমিটি ঘোষণা করা হয়েছে।

পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন। কমিটি ঘোষণার পর থেকেই জেলা কমিটির ভেতরে তীব্র অসন্তোষ বিরাজ করছে, যা আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমিটি ঘোষণার পর প্রথমেই পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে তাই পদত্যাগের হিড়িক পড়েছে। এই কমিটি আর চলার মতো অবস্থায় নেই।

তিনি আরও বলেন, ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জনের পদত্যাগ করেছে। এর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, শহীদ পরিবারের সদস্য জুলাই আহত যোদ্ধা থেকে শুরু করে অনেকে রয়েছে। আমরা সংবাদ সম্মেলন করে এই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করব। এটা আমাদের প্রতিবাদ। আমরা কথা ও প্রতিবাদ চালিয়ে যাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত