মুন্সীগঞ্জের গজারিয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুন পুড়লো ট্রাকের কিছু অংশ ও পেপার তৈরির মালামাল।
বৃহস্পতিবার (১৩নভেম্বর) ভোর ৩ঘটিকায় উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরাস্থ আকিজ পেপার মিলের সামনে কুমিল্লাগামী লেনে থেমে থাকা কুষ্টিয় ট-১১-২২০৮ নম্বরের একটি ট্রাকে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পুড়ে যায় ট্রাকের মালামালে।
গজারিয়া ফায়ার সার্ভিস জানায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ট্রাকটিতে আগুন লাগে। ট্রাকটি পেপার তৈরির ফোকার গাইড সরঞ্জাম বহন করছিল। এতে ট্রাকের কিছু অংশ ও তাতে থাকা মালামাল পুরোপুরি পুড়ে যায়। আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তাদের তৎপরতায় প্রায় ১৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার পরপরই গজারিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, আগুনে কোনো প্রাণহানি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
