খুলনা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে দুর্বৃত্তরা দুটি প্লাস্টিক বোতলে পেট্রোল ঢেলে এই আগুন ধরিয়ে দিয়েছে। এতে কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে গেছে।

এদিকে, তেরখাদা উপজেলায় একই দিনে দুই স্থানে বোমা সদৃশ কৌটা উদ্ধার এবং রাতে বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

খুলনা সদর সাব-রেজিস্টি অফিসের নিরাপত্তা প্রহরী ওয়াহিদুর রহমান নান্নু বলেন, রাত ৩টার দিকে আগুন জ্বলতে দেখে পানি দেওয়ার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কিছু চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছি। 

টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, ভোর ৪টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সদর সাব রেজিস্টার অফিসের পাশে অবস্থিত দলিল লেখকদের বসার স্থানে আগুন লাগে। পানির বোতল উদ্ধার করা হয়েছে। মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে কি না তদন্ত সাপেক্ষে জানানো সম্ভব হবে।

এদিকে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তেরখাদা সদর ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রউফ ফকিরের বাড়িতে ৩টি লাল কৌটা পলিথিনে মোড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয় ওয়ালিদ নামের এক ব্যক্তি। তিনি প্রতিদিনের মতো কোচিং করানোর উদ্দেশে সকাল সোয়া ৬টার দিকে বাড়ির পাশে পৌঁছালে ঘরের সানসেটের ওপর লাল রঙের কৌটা দেখতে পান-যা বোমা সদৃশ মনে হয়। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দিলে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। এর কিছুক্ষণ পর উপজেলার বাইপাস সড়কের পাশে কচু গাছের নিচে আরো একটি লাল কৌটা দেখতে পান এক পথচারী নারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কৌটাটি উদ্ধার করে। একই দিনে তেরখাদা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত ব্যক্তিরা ‘ঢাকা লকডাউন’ শিরোনামে কিছু লিফলেটও টানিয়ে যায়। 

অপরদিকে, বুধবার রাতে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজিগ্রাম কাটাশিয়া বাজার এলাকায় ইউপি সদস্য বেল্লাল মোল্লার বাড়ির প্রবেশপথে তিন দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর আরো বিকট শব্দে আরো দুটি বিস্ফোরণ হয়।

এ ব্যাপারে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পরিত্যক্ত অবস্থায় মোট ৪টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। তিনি জানান, উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা-নীরীক্ষা করা হচ্ছে এবং ঘটনাটির উৎস ও উদ্দেশ অনুসন্ধানে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত