শেখ হাসিনার বিচার দাবি ও ফ্যাসিবাদী শক্তির লকডাউনের নামে নাশকতা, অপ তৎপরতার প্রতিরোধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে মিছিলটি বের হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ধরে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান জয়পুরী, ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নয়ন মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহ-সভাপতি শাহীন ফরিদ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফয়সাল, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুল আলম রাজু, ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হক, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাইদ, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফসহ উপজেলা বিএনপির ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দিতে হবে। কোথাও কোনও প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে ব্যবস্থা নেওয়ার জন্য নেতাকর্মীরা মাঠে থাকবে।
