একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সভা থেকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করেন এবং একই দিনে গণভোট আয়োজনের ঘোষণা দেন। এ প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভা তাঁকে ধন্যবাদ জানায়।
সভায় আরও বলা হয়, গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর জনগণের মতামত জানতে গণভোটের আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
