কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর বাজার ও নবীপুর বাজার এলাকায় খোলা জ্বালানি তেল অকটেন, পেট্রোল, ডিজেল বিক্রি করায় পাঁচ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত বুধবার রাতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করায় মুরাদনগর বাজারের তিন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া নবীপুর বাজারে দুই দোকানিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে দোকানের সামনেই বোতলে প্রকাশ্যে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করছিলেন দোকানিরা। ঝুঁকিপূর্ণভাবে এসব তেল বিক্রি করায় পাঁচ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আবদুর রহমান আরও বলেন, নাশকতা ও দুর্ঘটনার শঙ্কায় অনুমতি ছাড়া খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
