জাতিসংঘ মানবাধিকার পরিষদ শুক্রবার সুদানের আল-ফাশিরের সংকট নিয়ে বিশেষ অধিবেশন করেছে, যেখানে শহরটি র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর দখলে যাওয়ার পর সংঘটিত গণহত্যার তদন্তে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন গঠনের বিষয়ে সদস্য রাষ্ট্রগুলো আলোচনা করেছে।
খসড়া প্রস্তাবে উল্লেখিত এই মিশনের লক্ষ্য হলো আরএসএফ ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জন্য দায়ীদের শনাক্ত করা।
উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রধান ভল্কার ট্যুর্ক আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিনয় ছেড়ে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বেসামরিক জনগণের উপর চালানো নিষ্ঠুর হামলার নিন্দা জানিয়ে সুদানের যুদ্ধ থেকে লাভবান ব্যক্তি ও কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এছাড়াও ট্যুর্ক সুদানের কর্ডোফান অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতার ব্যাপারেও সতর্ক করেন।
খসড়া প্রস্তাবটিতে আল-ফাশিরে জাতিগত নিধন এবং গণধর্ষণের তীব্র নিন্দা জানানো হয়েছে। তবে আরএসএফকে সমর্থন দেওয়ার অভিযোগে থাকা সম্ভাব্য বাইরের শক্তিগুলোর ভূমিকার কথা এতে উল্লেখ করা হয়নি।
প্রস্তাবে আরও আহ্বান জানানো হয়েছে যাতে আরএসএফ ও সুদানের সেনাবাহিনী দুর্ভিক্ষে বিপর্যস্ত ওই শহরে জরুরি মানবিক সহায়তা পৌঁছাতে বাধা না দেয়।
