‘আওয়ামী ফ্যাসিস্টরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে’

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দিন আওয়ামী ফ্যাসিস্টরা সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। যে কোনো সময় তারা যে কোনো ধরণের সহিংসতা সৃষ্টি করতে পারে। এ ব্যাপারে তিনি বিএনপিসহ সহযোগী সকল রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর অবস্থান নেয়ার জন্য আহবান জানিয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলায় উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

মনজুর এলাহী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা অনেক অত্যাচার, নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েছি। আমাদের বিরুদ্ধে শিবপুরে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছিল। এক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। আমি নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

তিনি আরো জানান, বিপদের সময় আমি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছিলাম, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া নেতাকর্মীদের ছাড়িয়ে আনতে আমি আর্থিকসহ সকল প্রকার সহযোগিতা করেছি। আমি আগামীতেও সকল নেতাকর্মীদের পাশে থাকব এবং যে কোনো সহযোগিতায় আমি পাশে থাকব।

জনসভায় শিবপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেহ রিকাবদার শিবপুর আসন থেকে জনতার নেতা জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মঞ্জুর এলাহীকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি উদার্থ আহবান জানিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি তোফাজ্জল হোসেন, মাহমুদুল হাসান প্রমুখ।

সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে একটি বিশাল র‌্যালী শিবপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত