গাজীপুরের কালিয়াকৈরে গভীররাতে পার্কিং করা যাত্রীবাহী বহনকারী একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন যাত্রী বহনের পর রাতে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় সমাহার কারখানার পাশে ইতিহাস পরিবহনের বাসগুলো পার্কিং করে রাখা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও ইতিহাস পরিবহনের বাসগুলো পার্কিং করে রাখা হয়েছিল। কিন্তু রাত প্রায় ২টার দিকে দুটি মোটরসাইকেলে চার যুবক এসে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই বাসে আগুন দেখে আশপাশের লোকজন সেখানে গিয়ে পানি ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নেভান এলাকাবাসী। ততক্ষণে আগুনে ওই বাসের সব আসনসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এ অগ্নিসংযোগের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ইতিহাস পরিবহনের অন্য এক বাস চালকের সহযোগী মনির হোসেন বলেন, আমি অন্য একটি বাসে ঘুমচ্ছিলাম। হঠাৎ দেখি দুটি মোটরসাইকেল এসে ওই বাসের কাছে থামলও। এর কিছুক্ষণ পর চারজন যুবক ওই বাসে আগুন দিয়ে দ্রুত চলে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই বাসের আসনগুলো সম্পূর্ণ পুড়ে গেছে। তবে তাৎক্ষনিক ভাবে আগুনে পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বাসে অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
