নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম

নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনের পরাজিত শক্তি কখনোই নির্বাচনে জিততে পারবে না। তাই তারা নির্বাচনকে বিলম্বিত করতে এবং দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের ১৭ বছরের ত্যাগকে বাধাগ্রস্ত করতে চাইছে।

গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালী জলদি পাইলট হাই স্কুলে মাঠে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে জাফরুল ইসলাম চৌধুরীর অবদান স্মরণ করে আমীর খসরু মাহমুদ বলেন, মরহুম জাফরুল ইসলাম চৌধুরী শুধু সৎ, যোগ্য ও গণমানুষের নেতা ছিলেন না, তিনি একজন সংগ্রামী ব্যক্তি ছিলেন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তার প্রতিটি মুহূর্তে জাফরুল ইসলাম চৌধুরী তার পাশে ছিলেন।

তিনি বলেন, যখন খুবই কঠিন সময়, মানুষ ভয়ে জীবনযাপন করছিল, তখনও জাফরুল ইসলাম চৌধুরী কর্ণফুলীর সেতুর উভয়পাড়ে, বাঁশখালীসহ সব কর্মসূচিতে তার লোকজন নিয়ে সর্বদা প্রস্তুত ছিলেন। মৃত্যুর শেষদিন পর্যন্ত, অসুস্থ অবস্থাতেও তিনি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত