অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া দলে বড় দুঃসংবাদ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

অ্যাশেজ সিরিজ শুরুর এক সপ্তাহ আগে বড় ধরনের দুঃসংবাদ এলো অস্ট্রেলিয়া দলে। পেস বোলার জশ হ্যাজলউড হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। এটা নিশ্চিত যে, পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে তার খেলা হচ্ছে না। নিউ সাউথ ওয়েলসের হয়ে শেফিল্ড শিল্ড ম্যাচে বোলিং করার সময় তিনি এই চোটে পড়েন।

প্রথম স্ক্যান নেগেটিভ এলেও পরবর্তীতে আবারও পরীক্ষা করে ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়। তার জায়গায় দলে যোগ হয়েছেন কুইন্সল্যান্ডের পেসার মাইকেল নেসার। একই ইনজুরিতে ইতোমধ্যে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শন অ্যাবট। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স আগেই পিঠের চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। ফলে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে বড় ধস নেমেছে।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এই সুযোগে ব্রেন্ডান ডগেটের টেস্ট অভিষেক হয়ে যেতে পারে। পাশাপাশি মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের ওপর বাড়ছে দায়িত্বের বোঝা। ডগেট সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন—শেষ দুই ম্যাচে তার শিকার ১৩ উইকেট। অভিষেক হলে তিনি হবেন অস্ট্রেলিয়ার তৃতীয় আদিবাসী পুরুষ ক্রিকেটার, এবং ইতিহাসে প্রথমবার একই টেস্টে দুইজন আদিবাসী খেলোয়াড় (ডগেট ও বোল্যান্ড) মাঠে নামবেন।

ভারতের বিপক্ষে গত মাসে সাদা বলের সিরিজে দুর্দান্ত পারফর্ম করা হ্যাজেলউডের ক্যারিয়ার কেটে যাচ্ছে চোটের সঙ্গে লড়াই করতে করতে। সাইড স্ট্রেইন ও কাফ ইনজুরির কারণে গত মৌসুমেই ভারত সিরিজে তিনটি টেস্ট মিস করেছিলেন ২৯৫ টেস্ট উইকেটের মালিক। ইংল্যান্ড শিবিরেও একসময় চোটের হানা ছিল। পেসার মার্ক উড হ্যামস্ট্রিং টান অনুভব করায় তার স্ক্যান করানো হয়েছিল। পরে অবশ্য জানা গেছে, ইনজুরি গুরুতর নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত