অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে গণতন্ত্র শক্তিশালী হয়

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০২:৪৪ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। নির্বাচনের আগে এমন সমর্থন পেয়ে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান ওই পোস্টে লেখেন, ‘আমিসহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন। তাদের সুচিন্তিত হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন, ‘বাংলাদেশ জুড়ে অনেক নাগরিকই রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছেন। এই উদ্বেগগুলো সেইসব সাধারণ মানুষের কাছ থেকে এসেছে, যারা কেবল স্থিতিশীলতা, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ চায়।’

তিনি ওই পোস্টে উল্লেখ করেন, ‘এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা, মর্যাদা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য যে আহ্বান অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা জানিয়েছেন, তা বাংলাদেশে বসবাসকারী সব নাগরিকের আশা-আকাক্সক্ষার সঙ্গে দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হয়। গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন এটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং সহিংসতামুক্ত নির্বাচন হয়।’

তারেক রহমান আরও জানান, ‘অস্ট্রেলিয়ায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা এই উদ্বেগগুলোকে সততার সঙ্গে প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অস্ট্রেলিয়ান সমাজে তাদের অবদান এবং মাতৃভূমির সঙ্গে তাদের নিরবচ্ছিন্ন সংযোগ আমাদের দুই দেশের মধ্যে অংশীদারত্বকে শক্তিশালী করতে সাহায্য করেছেন। দেশের প্রতি ভালোবাসা থেকে তাদের যে সমর্থন, তা থেকে বাংলাদেশিদের চ্যালেঞ্জ এবং আকাক্সক্ষা বিশ্বব্যাপী বোঝা যায়।’

এদিকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন ঘিরে বাংলাদেশে অনিশ্চয়তা, সহিংসতা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েড। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

দুইদিন আগে দেশটির আইনসভায় তিনি এ-সংক্রান্ত একটি নোটিস অব মোশন জমা দেন। মোশন জমা দেওয়ার বিষয়টি গতকাল দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক। রাশেদুল হক দেশ রূপান্তরকে বলেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। পাশাপাশি অস্ট্রেলিয়া সরকারকে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত