বাবাকে নিজের ‘নোংরা কিডনি’ দিয়েছেন অভিযোগের পর সম্পর্কচ্ছেদ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

ভারতের বিহারে বিতর্ক পিছু ছাড়ছে না আরজেডি-র। ভোটে ভরাডুবি হয়েছে। পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য। নির্বাচনে ভরাডুবির পর লালু প্রসাদ যাদবের পরিবারের ভাঙন আরও গভীর হয়েছে। তার মেয়ে রোহিণী আচার্য পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। পরিবারের সদস্যদের দাবি, বাবাকে নিজের ‘নোংরা কিডনি’ দিয়ে তিনি বাঁচিয়েছেন। এর বিনিময়ে নির্বাচনের টিকিট কিনেছেন।

জানা গেছে, ২০২২ সালে বাবা লালু যাদবকে একটি কিডনি দান করেন রোহিণী। ৪৬ বছর বয়সী রোহিণী শনিবার পরিবার ও রাজনীতি—দুই জায়গা থেকেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এটি তেজ প্রতাপ যাদবের দলত্যাগের পর যাদব পরিবারের দ্বিতীয় বড় সংকট বলে মনে করছেন বিশ্লেষকরা।

রবিবার সকালে দুইটি আবেগঘন পোস্টে রোহিণী জানান, তাকে গালাগালি করা হয়েছে, অপমান করা হয়েছে এবং এমনকি ‘জুতা ছুড়ে মারার জন্য চেষ্টা করা হয়েছে’। তিনি লিখেছেন, কিডনি দিয়ে বাবাকে বাঁচানোই এখন তার ‘পাপ’ হয়ে দাঁড়িয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেজস্বী যাদবের সঙ্গে তর্কের পরই তিনি এসব অভিযোগ প্রকাশ্যে আনেন। তেজস্বী নাকি নির্বাচনে পরাজয়ের জন্য তাকে দায়ী করেছিলেন এবং তার দিকেই জুতা তুলেছিলেন। আরজেডির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনা নিয়ে বিজেপি আরজেডিকে আক্রমণ করেছে। দলের আইটি সেল প্রধান অমিত মালব্য দাবি করেছেন—লালু যাদব ছেলের স্বার্থকে মেয়ের সম্মানের চেয়ে বেশি গুরুত্ব দেন, যা ‘পিতৃতান্ত্রিক ও নারী-বিরোধী মানসিকতার’ পরিচয়।

উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা বলেন, পরিবারই যাদের নিয়ন্ত্রণে নেই, তারা বিহার পরিচালনা কীভাবে করবে?

আর বিজেপির মিত্র চিরাগ পাসওয়ান মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, তিনি লালু যাদবের সন্তানদের নিজের ভাইবোন হিসেবেই মনে করেন এবং চান দ্বন্দ্ব দ্রুত মিটে যাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত