দুই মাস ১৩ দিনের মাথায় ফের আগুন লেগে দিনাজপুরের পার্বতীপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভস্মিভূত। শুক্রবার (১৪নভেম্বর) বিকালে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর সরদারপাড়া গ্রামের ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ড ঘটে।
৩নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক বলেন, ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সন্ধ্যায় বদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) সকালে রামপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাল, ডাল, পিয়াজ, তেল, আলু খাদ্য সামগ্রী দেওয়া হবে।
রবিবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হুসাইন রাজু বলেন, পার্বতীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবাকে তিনটি করে কম্বল ও খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।
গত ১ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দেউল গরুর ডাঙ্গা আবাসন প্রকল্পে আগুন ১০টি ঘর পুড়ে যায়।
