জ্বালানি তেল চুরির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির গাড়িচালক স্বদেশ চন্দ্র রায়কে ২৭ লিটার ডিজেল তেলসহ আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।
২২ মে রাত সোয়া ১১টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির অভ্যন্তরে ড্রাম ট্রাক রক ইর্য়াড এলাকা থেকে তাকে আটক করা হয়।
ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা (সার্ভে এন্ড মাইন প্লানিং) দেলওয়ার হোসেন জানান,২২ মে রাত সোয়া ১১ টার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির উপমহাব্যবস্থাপক (প্রশাসন) জাহিদ আনোয়ার ও খনির ব্যবস্থাপক (নিরাপত্তা) রাসেল আল মামুন খনির অভ্যন্তরে পরিদর্শন সময় ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া দেখে সন্দেহ হলে কাছে গিয়ে দেখে চালক স্বদেশ চন্দ্র রায় একটি প্লাস্টিকের জারকিন লুকানোর চেষ্টা করে। এসময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করে এবং বলে আরও একজন চালকসহ এই তেল চুরি করেছে। অপর চালককেও ডেকে নিয়ে তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে অপর চালক কৌশলে পালিয়ে যায়। এরপর কর্মকর্তারা প্লাস্টিকের জারকিনে রাখা প্রায় ২৭ লিটার (ডিজেল) তেল উদ্ধারসহ স্বদেশ চন্দ্র রায়কে আটক করে রাতেই বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে। তবে এ কাজে জড়িত অপর চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মিন্টু চন্দ্র রায় বলেন, খনির জ্বালানি তেল চুরির অভিযোগে খনির উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) রাসেল আল মামুন বাদী হয়ে দুই শ্রমিকরে নামে মামলা করেছে। স্বদেশ চন্দ্র রায়কে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আরেক গাড়ি চালক মো. শাহিনকে গ্রেপ্তার চেষ্টা চলছে।
