মুন্সীগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন। এর মাধ্যমে নতুন বাংলাদেশে ন্যায় বিচারের যাত্রা শুরু হলো। ভবিষ্যতে যারাই হাসিনার মতো স্বৈরাচার হবে, তাদের পরিণতিও হাসিনার মতো হবে।
আজ মোমবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং ইউনিয়নের ৪ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের ইসলামী আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত প্রার্থী ফজলুর করীম বলেন, যে শাসক জনগণের অধিকার কেড়ে নেয়, তাকে শেষ পর্যন্ত জবাবদিহিতার মুখোমুখি হতেই হয়। অন্যায়, নিপীড়ন ও দমননীতির ওপর কোনও ক্ষমতা টিকে থাকে না। তাই যেই স্বৈরাচারের পথে হাঁটবে, তার পরিণতিও হবে শেখ হাসিনার মতো।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ড. দেওয়ান এম এ সাজ্জাদ, সোনারং ইউনিয়ন জামায়াতের সভাপতি লিটন সরকার, সেক্রেটারি আব্দুর রহমান, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মানিক, সেক্রেটারি আব্দুল মান্নান, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি জাহিদ হাসান, সেক্রেটারি সাব্বির হোসেন প্রমুখ।
