আরিয়ানা গ্রান্ডেকে জড়িয়ে ধরায় ভক্তর কারাদণ্ড

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

সিঙ্গাপুরে পপতারকা ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‌‘উইকড : ফর গুড’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে ঘটে এক উদ্ভট ঘটনা। নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আরিয়ানাকে হঠাৎ এসে জড়িয়ে ধরেন এক ভক্ত। তবে আইনের কাছে ধরা পড়েছেন সেই ব্যক্তি। সোমবার (১৭ নভেম্বর)  তাকে ৯ দিনের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।  জড়িয়ে ধরা সেই ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক। নাম জনসন ওয়েন, বয়স ২৬। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গায়িকা যখন লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হেঁটে যাচ্ছেন, তখন দৌড়ে এসে জড়িয়ে ধরছেন জনসন ওয়েন। 

যখন ওই ব্যক্তি আরিয়ানার গলায় হাত রাখে, তখনই সিন্থিয়া এরিভো ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তারক্ষীর সহায়তায় তাকে বাধা দেন। অনুষ্ঠানস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। দেখা যায়, হতবাক আরিয়ানাকে সান্ত্বনা দিচ্ছেন তার সহশিল্পীরা। সামাজিক মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসার পর মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। 

জানা গেছে, নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তারকাদের অনুষ্ঠানে ঢুকে পড়ার ইতিহাস জনসন ওয়েনের নতুন নয়। এর আগে, কেটি পেরি, দ্য উইকেন্ড ও দ্য চেইনস্মোকার্সের কনসার্টেও মঞ্চে উঠে পড়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত