রাত পোহালেই মিরপুর শেরে বাংলায় ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ ছাপিয়ে এটাই ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয়। আজ মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনজুড়ে থাকলে মুশফিক প্রসঙ্গ। বিখ্যাত পঞ্চপাণ্ডবের অন্যতম এই সদস্যকে টেস্ট ক্রিকেটের ‘কিংবদন্তি’ আখ্যা দিলেন জাতীয় দলের কোচ ফিল সিমন্স।
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাওয়া মুশফিকের জন্য বিশেষ আয়োজন করবে বিসিবি। ক্রিকেটাররাও নিজেদের পরিকল্পনা করে রেখেছেন তাকে নিয়ে। উচ্ছ্বসিত বাংলাদেশ দলের প্রধান কোচ সিমন্সও সংবাদ সম্মেলনে বললেন, ‘মুশফিক অবশ্যই একজন কিংবদন্তি। আমি মনে করি, টেস্ট ক্রিকেটে তার মতো এতগুলো ডাবল সেঞ্চুরি খুব বেশি খেলোয়াড় করতে পারেনি। সে বহু বছর ধরে পারফর্ম করে আসছে, যা প্রায় ২০ বছরের মতো। তাই তাকে কিংবদন্তি বলতেই হবে।’
৩৮ বছর বয়সী মুশফিক লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ৯৯ টেস্টে ২৭ হাফ সেঞ্চুরি ও ১২ সেঞ্চুরিতে ছয় হাজার ৩৫১ রান করেছেন। টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে তার আগে ৮৩জন ক্রিকেটার শতাধিক টেস্ট খেলেছেন। এটা মোটেও সহজ বিষয় নয়। সিমন্স বলেন, ‘আমার মনে হয় তাঁর (সাফল্যের) রহস্য হচ্ছে পেশাদারিত্ব। আপনি নিজেকে পরিচালনা করেন, কীভাবে খেলার উন্নতিতে কাজ করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল হওয়ার জন্য কীভাবে কাজ করেন সেটাই মূল বিষয়।’
টাইগার কোচ আরও বলেছেন, ‘আপনি যদি একটু পেছন ফিরে তাকান তাহলে দেখবেন সে আন্তর্জাতিক পর্যায়ে সফল হয়েছে এবং সেটাই তাকে এখানে রেখেছে। কিন্তু যারা ১০০ কিংভা ১৫০ টেস্ট খেলেছে তাদের সবার মধ্যে ভালো করার প্রচেষ্টা ছিল, এটা তাঁর মধ্যেও ছিল। আমার মনে হয় এটা অনেক বড় ব্যাপার। ক্রমাগত উন্নতি করা এবং ভালো করার চেষ্টা এবং এই পর্যায়ে পারফর্ম করার ইচ্ছেটা অনেক বড় বিষয়।’
দলের ওপর মুশফিকের প্রভাব নিয়ে সিমন্স বলেন, ‘মুশফিকের প্রতি সবার অগাধ সম্মান রয়েছে। এ কারণেই সব খেলোয়াড় তার কথা শোনে এবং সেও অনেক কিছু শেয়ার করে। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। সে যখন কিছু বলতে চায়, সে তা বলে এবং খেলোয়াড়রা তা শোনে। আপনি দেখবেন খেলোয়াড়রা তার সঙ্গে নিয়মিত কথা বলছে, বিশেষ করে এই পর্যায়ে ব্যাটিং নিয়ে। সুতরাং, তার দেয়ার মতো অনেক কিছু আছে এবং খেলোয়াড়রা তার আশেপাশে থাকতে এবং তাকে যথেষ্ট সম্মান করতে পেরে খুশি, যাতে তার কথা মনোযোগ দিয়ে শুনতে পারে।’
বাংলাদেশের সঙ্গে আরও একটি সিরিজ বাতিল করতে যাচ্ছে ভারত
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে যাচ্ছেন রোনালদো
এমবাপ্পে-পিএসজি বিরোধে ৩০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি