জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এর আয়োজক হিসেবে আগামী বছর তুরস্ককে মনোনীত করা হয়েছে। শুরুতে তুরস্ক ও অস্ট্রেলিয়া এক সঙ্গে আয়োজনের কথা ভাবলেও অস্ট্রেলিয়া শেষ মুহূর্তে পরিকল্পনা বদলায়। এতে তুরস্ক একক আয়োজকে পরিণত হয়। তবে বৈশ্বিক জলবায়ু আলোচনা পরিচালনায় প্রধান ভূমিকা পালন করবে অস্ট্রেলিয়া।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) জানান, ব্রাজিলে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে আলোচনা–সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
২০২২ সাল থেকে সম্মেলন আয়োজন নিয়ে তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। নতুন চুক্তি অনুযায়ী কপ৩১ অনুষ্ঠিত হবে তুরস্কের আনতালিয়ায়। প্রাক-সম্মেলন ইভেন্ট হবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আলোচনার সভাপতিত্ব করবেন অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোমেন।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলো এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে। কারণ তারা মূল কেন্দ্রবিন্দু হতে চেয়েছিল। তবে অস্ট্রেলিয়া বলছে, এই সমঝোতায়ও প্রশান্ত মহাসাগরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
তুরস্ক জানিয়েছে, উদীয়মান অর্থনীতি হিসেবে তারা ধনী ও দরিদ্র দেশের মধ্যে সংহতি জোরদার করতে চায়। অন্যদিকে, বিশ্লেষকরা বলছেন এই সমঝোতা অস্ট্রেলিয়ার আয়োজন ব্যয় কমাবে এবং প্রশান্ত মহাসাগরের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।
