বিশ্বকাপের প্লে-অফে ইতালির সামনে কঠিন চ্যালেঞ্জ

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ এএম

২০২৬ বিশ্বকাপের মূলপর্বে যেতে ইতালিকে খেলতে হবে প্লে-অফ পর্বে। সেই প্লে-অফে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইতালির সামনে। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার প্লে-অফ ড্র অনুযায়ী, আগামী মার্চে প্রথমে ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই ম্যাচ জিততে পারলে পাঁচ দিন পর তাদের যেতে হবে ওয়েলস বা বসনিয়ার মাঠে, সেখানেই নির্ধারিত হবে ইতালি বিশ্বকাপে ফিরতে পারবে কি না।

২০১৪ সালের পর বিশ্বকাপে খেলেনি ইতালি। এবার ইউরোপিয়ান অঞ্চলে বাছাইপর্বে নিজেদের গ্রুপে দ্বিতীয় হয়ে তাদের পড়তে হয়েছে প্লে-অফের সামনে। ইতালির গ্রুপ থেকে সেরা হয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নরওয়ে। ইউরোপের ১২ গ্রুপের ১২ রানার্সআপ ও উয়েফা নেশনস লিগ থেকে আসা চারটি দল মিলে মোট ১৬ দলে হবে এই প্লে-অফ। এই ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতিটি গ্রুপের ফাইনাল জয়ী দল পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড এসেছে উয়েফা নেশনস লিগ থেকে। মূল বাছাইয়ে তারা জার্মানি ও সেøাভাকিয়ার পেছনে থেকে ‘এ’ গ্রুপের তৃতীয় হয়।

ইউরোপের বাকি প্লে-অফে লড়বে যথাক্রমে ‘বি’ গ্রুপের প্রথম সেমিফাইনালে ইউক্রেন ও সুইডেন এবং দ্বিতীয় সেমিফাইনালে খেলবে পোল্যান্ড ও আলবেনিয়া। ‘সি’ গ্রুপের সেমিফাইনালে মুখোমুখি হবে তুরস্ক ও রোমানিয়া এবং সেøাভাকিয়া ও কসোভো। আর ‘ডি’ গ্রুপে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ডেনমার্ক ও নর্থ মেসিডোনিয়া এবং চেক রিপাবলিক ও আয়ারল্যান্ড। প্লে-অফের ম্যাচগুলো হবে আগামী মার্চে। সেমিফাইনালের লড়াই মাঠে গড়াবে ২৬ মার্চ এবং ফাইনাল হবে ৩১ মার্চ।

একই দিনে আন্তঃমহাদেশীয় প্লে-অফের ড্রও অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আন্তঃমহাদেশীয় প্লে-অফের ড্রয়ে নিউ কালেডোনিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জ্যামাইকা। আর বলিভিয়ার মুখোমুখি হবে সুরিনাম। এই পর্বে বিশ্বকাপের দুটি জায়গার জন্য লড়বে ছয়টি দল। প্লে-অফের দুটি ফাইনালে সরাসরি খেলবে ইরাক ও কঙ্গো। জ্যামাইকা ও নিউ কালেডোনিয়ার মধ্যকার প্রথম সেমিফাইনাল থেকে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে কঙ্গোর। ইরাক লড়বে বলিভিয়া-সুরিনামের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে।

দুই ফাইনালে জয়ী দল নিশ্চিত করবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূলপর্বে জায়গা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত