ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র যে খসড়া শান্তি পরিকল্পনা দিয়েছে, তা নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সৎভাবে কাজ করতে তিনি প্রস্তুত।
মার্কিন গণমাধ্যম জানায়, প্রস্তাবে ইউক্রেনকে দোনবাসের কিছু এলাকা ছাড়ার সম্ভাবনা, সেনাবাহিনী ছোট করা এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতির মতো বিষয় রয়েছে—যা অনেকের মতে মস্কোর পক্ষপাতিত্ব করে। পরিকল্পনা তৈরিতে ইউক্রেনের ভূমিকা কতটা ছিল, তা স্পষ্ট নয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেছেন, যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে সমানভাবে আলোচনা করেছে এবং পরিকল্পনাটি প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থন করেন। তিনি জানান, খসড়াটি জেলেনস্কির উপদেষ্টা রুসতেম উমেরভের সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছে।
কিয়েভে মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধ নিয়ে তাদের একটি 'ভিশন' দিয়েছে এবং দুই পক্ষই এ নিয়ে বিস্তারিত নিয়ে কাজ চালিয়ে যাবে। তার ভাষায়, ইউক্রেনের প্রয়োজন জনগণের মর্যাদা রক্ষা করার মত সম্মানজনক শান্তিচুক্তি।
ইইউ জানিয়েছে, তারা পরিকল্পনা প্রণয়নে যুক্ত ছিল না। এছাড়াও মস্কো খসড়াটিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছে।
এদিকে রুশ হামলা এখনও অব্যাহত রয়েছে। সপ্তাহের শুরুতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের তেরনোপিল শহরে আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে এখনও ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
