চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হাফেজ রমজান আলী নামে এক ব্যবসায়ী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব ভূজপুর গ্রামের মোয়াজ্জেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রমজান আলী ( ৪০) ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহেল মুন্সী জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে মুখোশ পরা দুই মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাজিরহাট ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এবং কেন গুলি চালিয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
এবিষয়ে জানতে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া পর তিনি কল রিসিভ করেনি।
