যমুনায় অবৈধ বালু উত্তোলন আটক ৫

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা যমুনা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও লুটের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে  শিবালয় থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। 

শুক্রবার (২১ নভেম্বর) বিজ্ঞ আদালতের নির্দেশে আটক পাঁচজনকে মানিকগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, যমুনার আলোকদিয়া এলাকায় ৮ নম্বর বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি স্থান থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে। এ সময় বালু ভর্তি একটি ভল গেট এবং দেশীয় ভাবে তৈরি লোহার কাটার ড্রেজিং মেশিন জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- পাবনার আমিনপুরের রুবেল খান (৪৫), দিনাজপুরের চিরির বন্দরের আরাফাত হোসেন (২৪), রাজবাড়ীর বালিয়াকান্দির আরশেদ আলী (৪৩), কুষ্টিয়ার মিরপুরের রাব্বি শেখ (২৩) ও একই এলাকার সজিব শেখ (২৫)।

বিষয়টি নিশ্চিত করে এসআই সুমন চক্রবর্তী জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে তাদের বিরুদ্ধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’- এ মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আটক পাঁচজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত