ফেনীতে চাষিদের ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১২:৪৮ এএম

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পূর্ব ছিলোনিয়া গ্রামের বর্গা চাষিদের ধান কেটে দিলেন পৌর বিএনপি, কৃষক দল ও যুবদলের নেতাকর্মী। গতকাল শুক্রবার সকাল থেকে ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা। পরে ধান মাড়িয়েও দেবেন তারা এমনটাই জানালেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া।

সরেজমিনে গিয়ে জানা যায়, পৌর বিএনপি, কৃষক দল ও যুবদলের নেতাকর্মীরা বিধবা রাশেদা আক্তারের ৪০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় চাষি জয়নাল, সনাতন ধর্মাবলম্বী মিন্টুসহ ২০ জন বর্গা চাষির ধান কেটে দিয়েছেন।

ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমরা জানতে পারি শ্রমিক সংকটে এ গ্রামের অনেক বর্গা চাষি ধান ঘরে তুলতে পারছেন না। তখনই জেলা যুবদলের সদস্য আহসান সুমনের সার্বিক তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নিই।’ মাঠে ধান কাটার সময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য আহসান সুমন, পৌর কৃষক দলের সদস্য সচিব বেলাল পাটোয়ারীসহ ছনুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত