ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী শিশুসহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৬ জন নারী, ৪ জন শিশু ও ৩ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- মহেশপুরের তালশা গ্রামের এনামুল মন্ডলের ছেলে সাজিদুল মন্ডল (১৮), টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের মিনহাজের ছেলে রাব্বি হোসেন (২১) ও একই জেলার কালিহাতি থানার খরশিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. রাব্বি (২৫)।
বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে বিজিবি আটক করে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক তিন পুরুষকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, আটক তিনজন পুরুষকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
