মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম

যশোরে ১৩ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ধর্ষণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। তবে শনিবার বিকালে তা জানাজানি হলে মেয়ের মাসহ স্থানীয়রা বাবাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এর আগে স্থানীয়রা বাবাকে মারধর করে চুল কেটে দেয়। বর্তমানে অভিযুক্ত বাবা কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন। অন্যদিকে, মেয়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মায়ের অভিযোগ, তার স্বামীর বাড়ি মনিরামপুর উপজেলায়। তারা যশোরের চাঁচড়া বাজার এলাকায় ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে ছিলেন না। এ সুযোগে রাতে বাবা মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি শনিবার মেয়েটি তার ফুফুকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ফুফুসহ অন্যান্য আত্মীয়রা বাড়িতে আসেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাবা নিজেই ধর্ষণের ঘটনাটি স্বীকার করেন।

স্থানীয়রা জানান, খবর ছড়িয়ে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে চুল কেটে দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে বাবাকে তাদের হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি থানার ইনস্পেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, বাবাকে থানা হেফাজতে রাখা হয়েছে। মেয়েকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত