পঞ্চগড়ের সদর উপজেলার টুনিরহাট এলাকায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে ব্যবসায়ীরা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
এ সময়ে টুনিরহাট বাজারের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে টুনিরহাট বাজারের ব্যবসায়ীরাসহ স্থানীয় মানুষজন অংশ নেন।
মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মোতাহার আলী, কোষাধ্যক্ষ জনি প্রমুখ।
বক্তারা বলেন, টুনিরহাট বাজারের ব্যবসায়ী খায়রুল ও খতিবরের বিরুদ্ধে লাবলু নামে এক ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত তাদের মামলা থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি।
কেননা লাবলু একজন মামলাবাজ ও প্রতারক প্রকৃতির লোক। তিনি মিথ্যা মামলা করে অনেককেই হয়রানি করছেন। বাজারে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বাকিতে মাল নেওয়ার পর তিনি উল্টো মিথ্যা মামলা দায়ের করেছেন, যার কোনো ভিত্তি নেই।
বক্তারা আরও বলেন, যদি দ্রুত এই মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে ব্যবসায়ীরা সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন। পাশাপাশি সব ধরনের দোকানপাট বন্ধ রেখে (শাটডাউন) আন্দোলন চালিয়ে যাবেন।
