চাচাতো ভাইকে হত্যার দায়ে ২ সহোদরের ফাঁসি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ এএম

যশোরের ঝিকরগাছা উপজেলায় চাচাতো ভাই হত্যার দায়ে দুই ভাইয়ের ফাঁসি এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন, ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের দুই ভাই ওসমান ও আলী হোসেন। তারা মৃত ছবেদ আলী সরদারের ছেলে। একই সঙ্গে দ-প্রাপ্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আজিজুল ইসলাম।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুল আমিনের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ কেন্দ্র করে কামরুলের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বাগবিত-া হয়। একপর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে ধারালো দা এনে কামরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গিয়ে কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। চারজনকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে আনার পর কামরুলের মৃত্যু হয়।

পিপি আজিজুল ইসলাম বলেন, হত্যা মামলায় দুই বছরের মাথায় রায় প্রদান নজিরবিহীন। সরকার পক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে, আসামি পক্ষ দাবি করেছে যে তারা ন্যায়বিচার পাননি এবং উচ্চ আদালতে আপিল করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত